মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম
রবিবার ০২, আগস্ট ২০২৬ -- : -- --
রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬–এর চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘সিইউডিএস এ’ দলের সদস্যরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের (সিইউডিএস) ‘সিইউডিএস এ’ দল। রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের (ডিইউডিএস) ‘স্বোপার্জিত স্বাধীনতা’ দল।
যুক্তিবাদী চিন্তাচর্চা, সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বুদ্ধিবৃত্তিক বিনিময়কে উৎসাহিত করতে রুয়েট ডিবেটিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি দল অংশ নেয়। বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (ডব্লিউইউডিসি) নীতিমালা অনুসারে ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম দিন ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ভবনে নিবন্ধন ও টুর্নামেন্ট ব্রিফিংয়ের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। দিনব্যাপী চারটি প্রাথমিক পর্ব শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেমিফাইনাল।
দ্বিতীয় দিন ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। ফাইনালের বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ এশিয়ান স্প্রিংয়ের উত্থানে অনুতপ্ত।’ এতে চারটি দল অংশ নেয়। যুক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ ও বাগ্মিতায় প্রতিযোগীরা বিচারক ও দর্শকদের মুগ্ধ করেন।
ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সিইউডিএস এ’ দলের মেহরাব মিজান ও ইরফান অপূর্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দলের আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস। চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক এবং পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ইরফান অপূর্ব।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন।
সমাপনী অনুষ্ঠানে রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি মো. তানভির হাসান বলেন, “গত সাত বছরের ধারাবাহিকতায় এবারও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া সব বিতার্কিক, বিচারক, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে। ভবিষ্যতেও যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও বিতর্ক সংস্কৃতি বিকাশে রুয়েট ডিবেটিং ক্লাব কাজ করে যাবে।”
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ এবং মতপ্রকাশের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতেও এ আয়োজন সহায়ক।