রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
শনিবার ০১, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। একই সাথে এ ঘটনার নেপথ্যে থাকা মূল প্ররোচকদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৩১ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য (সহ-দপ্তর সম্পাদক) মো. ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত আওয়ামী সরকারের আমলে বাক-স্বাধীনতা হরণের কালো আইন আইসিটি (ICT) মামলায় বিনা অপরাধে দীর্ঘ ১৫ মাস অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছিল খাদিজাতুল কুবরাকে। বৈষম্যহীন বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন নারী শিক্ষার্থী ও ছাত্রনেত্রীর সম্মানহানি করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
সংগঠনটি জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিপানুল একটি মেসেঞ্জার গ্রুপে খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে এ ধরনের নোংরা মন্তব্য করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ক্যাম্পাসের পরিবেশ ঘোলাটে করতে এবং ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী ঠান্ডা মাথায় পরিকল্পনা করে রিপানুলকে সামনে রেখে এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৫ মাস কারাগারে নির্যাতন সহ্য করা আমাদের সহযোদ্ধা খাদিজাতুল কুবরার ওপর এই ধরণের সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্য কোনো সাধারণ বিষয় নয়। ক্যাম্পাসের পরিবেশ ঘোলাটে করা এবং নারী শিক্ষার্থীদের জন্য অশুভ পরিবেশ তৈরির চক্রান্তে মেতেছে একটি কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, জবি ক্যাম্পাসে কোনো ধরনের সাইবার বুলিং বা নারী শিক্ষার্থীদের অসম্মান করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না।"
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট দাবি-ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মূল অপরাধী রিপানুলের বিরুদ্ধে অতি দ্রুত প্রাতিষ্ঠানিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সাথে এই নোংরা ঘটনার পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। যদি প্রশাসন অবিলম্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়, তবে সাধারণ ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ছাত্রদল।"
প্রেস বিজ্ঞপ্তিতে জবি ছাত্রদল আরও উল্লেখ করে, ক্যাম্পাসে ছাত্রীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদাসীনতা দেখালে কঠোর সাংগঠনিক পদক্ষেপের মাধ্যমে এর প্রতিহত করা হবে।