বুধবার ২২, জুলাই ২০২৬

বুধবার ২২, জুলাই ২০২৬ -- : -- --

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের দীক্ষা, প্রদীপ প্রজ্জ্বলন ও পেশাগত শপথ গ্রহণ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মানবসেবা, সহমর্মিতা, পেশাগত নৈতিকতা ও দক্ষতার আদর্শে নতুন প্রজন্মের নার্স গড়ে তোলার প্রত্যয়ে আইইউবিএটির  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর  কলেজ অব নার্সিং নবীন শিক্ষার্থীদের দীক্ষা, প্রদীপ প্রজ্জ্বলন ও পেশাগত শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ আয়োজন করে।  রবিবার(১৯ জুলাই)  বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সেবাধর্মী নার্সিং পেশায় তাদের যাত্রা শুরু করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. স্যান্ড্রা রুমি মধু। তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান অঙ্গীকার। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সহমর্মিতা ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নার্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নার্সিং সেবা বিভাগের প্রধান নান্টি গৌথামি সানি বলেন, একজন দক্ষ নার্স রোগীর চিকিৎসা ও সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস  বলেন, একটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দক্ষ ও মানবিক নার্সের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও পেশাগত দায়িত্ববোধ ধারণ করে দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, নার্সিং এমন একটি মহৎ পেশা, যেখানে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে মানুষের জীবন রক্ষা করা হয়। একজন নার্সের সহমর্মী সেবা একজন রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, পেশাগত নৈতিকতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, ইউনিকো হাসপাতালস লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ড্যাফোডিল নার্সিং কলেজ, এনাম নার্সিং কলেজ, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, স্টেট নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতাল ও নার্সিং কলেজ, আহ্ছানিয়া ক্যান্সার মিশন হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিবৃন্দ। তাঁদের উপস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার শীর্ষক প্রতীকী ছায়ানাট্য। এতে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবা, আত্মত্যাগ ও পেশাগত আদর্শ তুলে ধরা হয়। এরপর নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা, সততা, নৈতিকতা ও সর্বোচ্চ পেশাগত মান বজায় রেখে রোগীর সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়। সমাপনী বক্তব্যে কলেজ অব নার্সিংয়ের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক শুভাশীষ দাস বালা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে গ্রুপ ছবি তোলা এবং কলেজ অব নার্সিংয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আইইউবিএটি নবীন নার্সিং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, সহমর্মিতা, জ্ঞান, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের আলোকবর্তিকা ধারণ করে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানবসেবায় নিজেদের নিবেদিত রাখবে।

Link copied!