বুধবার ২২, জুলাই ২০২৬

বুধবার ২২, জুলাই ২০২৬ -- : -- --

দেশপ্রেম ও সবুজের বার্তা নিয়ে মৌলভীবাজারে হলদে পাখি কার্নিভাল

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

দেশপ্রেম, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হলদে পাখি কার্নিভাল–২০২৬। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার উদ্যোগে মঙ্গলবার সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

উদ্বোধনের পর তিনি কার্নিভালে অংশ নেওয়া হলদে পাখিদের বিভিন্ন ঝাঁক পরিদর্শন করেন এবং তাদের নানা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ক্ষুদে গাইডদের ব্যাজ পরিয়ে দিয়ে তাদের উৎসাহিত করেন।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জেলা প্রশাসক প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতায় গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সেই দায়িত্ব সফলভাবে পালন করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক হলদে পাখি অংশ নেয়।

দিনব্যাপী আয়োজনে ছিল দলীয় কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, নেতৃত্ব ও শৃঙ্খলাবিষয়ক প্রদর্শনী, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক স্টল, দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশনা।

হলুদ পোশাকে সজ্জিত ক্ষুদে হলদে পাখিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, শিশুদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সেবামূলক মনোভাব বিকাশে এ ধরনের কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, আজকের এই আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার যে বীজ রোপিত হলো, তা ভবিষ্যতে একটি সুন্দর, মানবিক ও সবুজ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

Link copied!