প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. দুলু মিয়া (৪০) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
অভিযোগে নাজমুল হাসান জুয়েল, সাজ্জাদ মাহমুদ মনির ও ইউপি সদস্য অজিত কুমার দাশের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের মরাচেলা নদীর পাশে অভিযোগকারীর বৈধ মালিকানাধীন জমিতে শ্রমিকরা ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলনের কাজ শেষে সরঞ্জাম গুছিয়ে নিচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা নৌকাযোগে ঘটনাস্থলে এসে প্রতিদিন ২৫ হাজার টাকা এবং মাসিক ৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী অর্থ পরিশোধ না করলে ওই স্থান থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, পরিচয় জানতে চাইলে অভিযুক্তরা নিজেদের বিভিন্ন ফেসবুক পেজ ও প্রেস ক্লাবের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। অভিযোগকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তারা ঘটনাস্থল ত্যাগ করলেও এক দিনের মধ্যে দাবি পূরণ না করলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে অভিযুক্তরা অভিযোগকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ব্যবহার করে ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট এবং মন্তব্য প্রচার করেন। এতে তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। পাশাপাশি তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
