ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
বুধবার ২২, জুলাই ২০২৬ -- : -- --
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিদায়ী সংবর্ধনা ও ‘অন্ত্যমিল’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে সমৃদ্ধ করতে বাংলা বিভাগের অবদানের কথা তুলে ধরে বিভাগের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে কলেজের জিয়া অডিটোরিয়ামে বাংলা বিভাগের ২০২০ থেকে ২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘শব্দের সেতু, স্মৃতির রেশ—শেষ হয়েও হয় না শেষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বাংলা বিভাগের বার্ষিক ম্যাগাজিন ‘অন্ত্যমিল’-এর মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মশিউর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
বক্তব্যে তিনি বলেন, ‘কুমিল্লাকে সমৃদ্ধ করেছে ভিক্টোরিয়া কলেজ, আর ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলা বিভাগ সবসময়ই ভিক্টোরিয়া কলেজের গৌরব ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ রাফিউল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘অন্ত্যমিল’ ম্যাগাজিন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নুরে আলম সিদ্দিকী। এছাড়া ‘অন্ত্যমিল’ ম্যাগাজিনের সম্পাদক মো. আরমান হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।