বুধবার ২২, জুলাই ২০২৬

বুধবার ২২, জুলাই ২০২৬ -- : -- --

পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান রাবিপ্রবি উপাচার্যের

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বক্তব্যে উপাচার্য বলেন, রাবিপ্রবির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশ শিক্ষার্থীদের জন্য একটি অনন্য শিক্ষাঙ্গন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিভাগভিত্তিক ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বৈশ্বিক জ্ঞানভাণ্ডার শিক্ষার্থীদের হাতের নাগালে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও নিয়ম-কানুন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত তরুণ, প্রতিশ্রুতিশীল ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। রাবিপ্রবির শিক্ষার্থীরা ইতোমধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস), বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, অলিম্পিয়াড, সেমিনার ও সিম্পোজিয়ামে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষা, গবেষণা এবং কর্মদক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নীতিমালা, আচরণবিধি এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

পরে বিভাগভিত্তিক পৃথক ওরিয়েন্টেশন সেশনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সময় বিভাগীয় শিক্ষকরা কোর্স কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, ক্রেডিট ও গ্রেডিং সিস্টেম এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪২ জন, ম্যানেজমেন্ট বিভাগে ৪১ জন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২০ জন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৭ জন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

Link copied!