প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন (ভিএএসএ)-এর ২০২৬-২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে মো. আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি এবং আব্দুল্লাহ হিল কাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক এবং কর্মসূচি ও আয়োজন সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দিতে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অনুষদের সার্বিক কল্যাণে ভিএএসএ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীবান্ধব ও সক্রিয় একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. এ. কে. এম. মোস্তফা আনোয়ার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রাণিচিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেলিম আহাম্মদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মত সিদ্ধান্তে গঠিত এ কমিটির কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ কাম্য।
সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মিজানুর রহমান। এছাড়া অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা সংগঠনটির কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, একাডেমিক উন্নয়ন এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই নতুন কমিটি কাজ করবে।
