বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম
শনিবার ১৭, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি| ক্যাম্পাস রিপোর্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সামুদ্রিক খাতের সক্ষমতা বাড়াতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অষ্টম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো (বিমক্স) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক্সপোর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বিমক্সের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে সামুদ্রিক খাতের ভবিষ্যৎ উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। এ ধরনের অংশীদারত্বের মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরির সুযোগ বাড়বে, যা দেশের ‘মেড ইন বাংলাদেশ’ লক্ষ্য অর্জন এবং সুনীল অর্থনীতির বিকাশে সহায়ক হতে পারে।
অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী, উপাচার্য ও ইউরোপীয় প্রতিনিধিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তারা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্যাভিলিয়নে যান। আইসিসিবির হল-২-এর ৪১ থেকে ৪৪ নম্বর স্টলে স্থাপিত প্যাভিলিয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের সঙ্গে পরিচিতি, আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং ব্যবহারিক উদ্ভাবনের সুযোগ তৈরিতে বিমক্সের মতো আয়োজন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও ধারণা দিতে পারে।
বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত, সামুদ্রিক পরিবহন, বন্দর ব্যবস্থাপনা, অফশোর প্রযুক্তি ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরি গুরুত্বপূর্ণ। এসব খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা দেশের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
আয়োজক প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিমক্স ২০২৬। এতে সামুদ্রিক ও অফশোর শিল্পের বিভিন্ন প্রযুক্তি, যন্ত্রপাতি, সরঞ্জাম ও সেবা প্রদর্শন করছেন দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো।
আন্তর্জাতিক এ আয়োজনের মাধ্যমে সামুদ্রিক খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক শিল্পের উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।