শনিবার ১৭, অক্টোবর ২০২৬

শনিবার ১৭, অক্টোবর ২০২৬ -- : -- --

আর্থিক সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান বাউবি উপাচার্যের

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আর্থিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনা ও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষকদেরও আর্থিক বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রের লেকচার গ্যালারিতে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণটির শিরোনাম ছিল ‘কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা: হিসাব, নিরীক্ষা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’।

উপাচার্য পরিকল্পিত বাজেট প্রণয়ন, ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার বিকল্প নেই।”

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান পেশাগত কাজে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা, আন্তরিকতা, সদিচ্ছা ও অঙ্গীকার সম্মিলিতভাবে কাজে লাগানো গেলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি সম্ভব হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে অংশগ্রহণ এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির আইকিউএসি পরিচালক ও স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, হিসাব ব্যবস্থাপনা, নিরীক্ষা, আর্থিক শৃঙ্খলা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬-এর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ, নিরীক্ষা কার্যক্রম, সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বাড়বে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হওয়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার স্থিতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং অডিট সেলের প্রধান ও যুগ্ম পরিচালক (অডিট) মিয়া মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন প্রশাসন বিভাগের যানবাহন শাখার যুগ্ম পরিচালক মো. হারুনূর রশিদ এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিসংখ্যানবিদ তানজিনা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন তালুকদার। ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Link copied!