শনিবার ১৭, অক্টোবর ২০২৬

শনিবার ১৭, অক্টোবর ২০২৬ -- : -- --

প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে: সুফিয়ান 

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

সংগৃহীত

সাধারণ মানুষের খাদ্য অধিকার প্রতিষ্ঠা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদে খাদ্য অধিকার আইন প্রণয়নের বিষয়টি উত্থাপনের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়াতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের সুফল শিগগিরই সাধারণ মানুষ ভোগ করতে পারবে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে শহরের সীমিত আয়ের জনগোষ্ঠীর খাদ্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে জাতীয় সংসদ সদস্যের সঙ্গে আয়োজিত ‘গণশুনানি ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ, আইএসডিই বাংলাদেশ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) যৌথভাবে এ সভার আয়োজন করে।

আবু সুফিয়ান বলেন, খাদ্যের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মানুষের খাদ্য কেনার সক্ষমতা বাড়ানো, খাদ্যসংকট দূর করা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। গণশুনানিতে সাধারণ মানুষের উত্থাপিত সমস্যা, অভিজ্ঞতা ও সুপারিশগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

গণশুনানিতে বিভিন্ন পেশার মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা, খাদ্যসংকট ও খাদ্যমূল্য বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

Link copied!