শনিবার ১৭, অক্টোবর ২০২৬

শনিবার ১৭, অক্টোবর ২০২৬ -- : -- --

জবির ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্টে বৃত্তি

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের ২০ শিক্ষার্থী ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’-এর বৃত্তি ও সনদ পেয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় বৃত্তিদাতা অ্যাডভোকেট তপন বিহারী নাগ উপস্থিত ছিলেন।

আইন বিভাগের পাশাপাশি আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরাও এ বৃত্তি পেয়েছেন। দুই বিভাগের দুটি শিক্ষাবর্ষের প্রতিটি থেকে পাঁচজন করে মোট ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১০ জন এবং আইন বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন সুয়েনা আক্তার, সালমা আক্তার, ফারজানা সুভরা, মো. সজীব আলী, তন্বী সাহা, মো. আরব আলী, মোছা. তারিন জাহান তমা, মো. আদেল মিয়া, আছিয়া আক্তার নাতাশা ও মো. অন্তর হোসেন।

আইন বিভাগ থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বলেন- অনিকা তাবাসসুম অন্তরা, নুসরাত জাহান প্রীতি, নীলয় পাল, আল মাহমুদ, মো. ইয়াসিন কামালসহ আরো পাঁচ জন।'

অনুষ্ঠানে অধ্যাপক সাবিনা শরমীন বলেন, মহৎ চিন্তা, মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ নেওয়া সম্ভব হয়। শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় অ্যাডভোকেট তপন বিহারী নাগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।

অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খ্রীষ্টীন রিচার্ডসন এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

Link copied!