মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬

মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ -- : -- --

মারা গেছেন ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যাম নিল আর নেই। ‘জুরাসিক পার্ক’ ও ‘দ্য পিয়ানো’ চলচ্চিত্রে স্মরণীয় অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেতা ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সোমবার অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে তার মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার মৃত্যু ছিল 'হঠাৎ এবং অপ্রত্যাশিত'।

২০২৩ সালে স্যাম নিল প্রকাশ করেছিলেন যে, তিনি অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা, যা বিরল ধরনের নন-হজকিন লিম্ফোমা, তাতে আক্রান্ত হয়েছেন। তবে পরিবারের দাবি, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন। তার মৃত্যুর নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দীর্ঘ অভিনয়জীবনে শিল্পধর্মী চলচ্চিত্র থেকে শুরু করে বাণিজ্যিক হলিউড সিনেমা—সব ক্ষেত্রেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন স্যাম নিল। ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় এবং ‘দ্য পিয়ানো’ চলচ্চিত্রে তার অনবদ্য উপস্থিতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ খ্যাতি এনে দেয়।

১৯৭০-এর দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ান চলচ্চিত্রের উত্থানের সময় আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া অভিনেতাদের অন্যতম ছিলেন তিনি। পরবর্তী সময়ে টেলিভিশন ও চলচ্চিত্রে সমান সফলতা অর্জন করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘ওমেন থ্রি: দ্য ফাইনাল কনফ্লিক্ট’। কয়েক দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজস্ব আঙুরখেত পরিচালনা করতেন স্যাম নিল।

অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি বলেন, 'তিনি ছিলেন আমাদের সেরাদের একজন। যখন দেশে বলার মতো কোনো চলচ্চিত্রশিল্পই ছিল না, তখনই তিনি যাত্রা শুরু করেছিলেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি নিউজিল্যান্ডের গল্প বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন এবং তার প্রতিভা আমাদের চলচ্চিত্রশিল্পকে আজকের অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'

Link copied!