মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬

মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ -- : -- --

দেশজুড়ে চলবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে স্থানীয়ভাবে নেওয়া যাবে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:১১ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং প্রতিটি পরীক্ষার্থীর স্বার্থ সমানভাবে গুরুত্বপূর্ণ।

কমিটি জানায়, অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হওয়ায় শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে স্থানীয় প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র পরীক্ষার উপযোগী থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩ জুলাই সকালে বিরূপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মতে, পরীক্ষা বারবার স্থগিত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমসহ সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে একটি বোর্ডের পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করাও বাস্তবসম্মত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।"

Link copied!