মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

৪৩ বছরের রেকর্ডের কাছাকাছি চট্টগ্রামের বৃষ্টি, ২৪ ঘণ্টায় ঝরল ৩৯৪ মিলিমিটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

৪৩ বছরের রেকর্ডের কাছাকাছি চট্টগ্রামের বৃষ্টি, ২৪ ঘণ্টায় ঝরল ৩৯৪ মিলিমিটার

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে এটি গত ৪৩ বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। একই সময়ে চট্টগ্রামের আমবাগান এলাকায় ৩৪৪ মিলিমিটার এবং সীতাকুণ্ডে ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, "১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর আজই চট্টগ্রামে জুলাই মাসে এত বৃষ্টি হলো।"

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ১৪৩ মিলিমিটার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় ১০৬ মিলিমিটার।

এ ছাড়া বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল—

  • ফেনী: ৯১ মিলিমিটার
  • কক্সবাজার: ৭৮ মিলিমিটার
  • টেকনাফ: ৯৪ মিলিমিটার
  • পটুয়াখালী: ৮২ মিলিমিটার
  • ঢাকা: ৪৬ মিলিমিটার

সারা দেশের বৃষ্টিপাতের পরিস্থিতি সম্পর্কে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, "আজ সারা দেশে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। চট্টগ্রামেও এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।"

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর প্রবল অবস্থায় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Link copied!