নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. তসলিম মাহমুদ। হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে হলের সদ্য বিদায়ী প্রভোস্ট এবং অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তসলিম মাহমুদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করার পর শূন্য পদে নতুন এই নিয়োগ প্রদান করা হয়।
৭ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ কে নিম্নোক্ত শর্তে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হলো। শর্তসমূহ হলো-
নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে; এই নিয়োগ ৮ জুলাই ২০২৬ হতে কার্যকর হবে; বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
নতুন দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ জানান, “আমাকে প্রশাসন দায়িত্ব দিয়েছে কারণ অন্যান্য হলের গুলোর তুলনায় মালেক হল সমস্যাগ্রস্ত। আমি আগামীকাল যোগদান করেই স্ব শরীরে পরিদর্শন করবো। সমস্যাগুলো সমধান করার চেষ্টা করব। হল যেহেতু সবার সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।”