বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম আইন ও পলিসি বিভাগের স্নাতক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে পেশাভিত্তিক নতুন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি’ (বিএমইউএলএ)। সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা উপলক্ষে শনিবার (৪ জুলাই) প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই নবগঠিত কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে।
ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফাহাদ আহমেদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট তাজওয়ার বিন মালেক অর্ণব, অ্যাডভোকেট রাফি উল ওসমান এবং অ্যাডভোকেট আনিকা আশরাফ প্রতীতি। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ দিহান এবং সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. ইরফানুল খলিলুল্লাহ ও অ্যাডভোকেট সুমাইয়া তামান্না।
নতুন কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফাহাদ আহমেদ জানান, বিভাগের গ্র্যাজুয়েট ও সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে যারা ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হতে আগ্রহী, তাদের জন্য দিকনির্দেশনা, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্ক তৈরিতে এই সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।
কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ দিহান বলেন, গ্র্যাজুয়েট ও সনদপ্রাপ্ত আইনজীবীদের পেশাগত ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই সমিতি গঠিত হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটি সমিতির মূল গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে। পাশাপাশি ভবিষ্যতে সদস্যদের পেশাগত উন্নয়ন, গবেষণা ও নীতি-অ্যাডভোকেসিতে এই সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং মেরিটাইম আইন বিষয়ে গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর পাশাপাশি ভবিষ্যতে সংগঠনটি মেরিটাইম আইন ও নীতিনির্ধারণী বিষয়ে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা এবং পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। এই আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়েই মূলত মেরিটাইম আইন অঙ্গনে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।