মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের অভয়ারণ্য রক্ষা এবং মৎস্যচাষিদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতির সংরক্ষণ এবং মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মৎস্য খাতের আধুনিক ও টেকসই উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান বাংলাদেশের রুপালি সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!