প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক অবকাঠামোর সমন্বয়ে বাংলাদেশ ডাক বিভাগ এখন আরও দ্রুত, কার্যকর ও গ্রাহকবান্ধব সেবায় এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ই-কমার্স উদ্যোক্তাদের জন্য স্বল্প খরচে নিরাপদ পার্সেল পরিবহনের লক্ষ্যে ডাক বিভাগ পরিচালনা করছে স্পিড পোস্ট সেবা। তাদের প্রতিশ্রুতি-‘আজ বুকিং, আগামীকাল ঢাকা, ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’।
সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগ তাদের ফেসবুক পেজে স্পিড পোস্ট সেবার বিভিন্ন সুবিধা ও তথ্য প্রকাশ করেছে।
কম খরচে পার্সেল পাঠানোর সুযোগ
স্পিড পোস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এর অত্যন্ত সাশ্রয়ী ডাক মাশুল। বর্তমানে প্রথম ১ কেজি ওজনের পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা। এরপর অতিরিক্ত প্রতি কেজির জন্য দিতে হবে ৫ টাকা।
এই কম খরচের সেবা বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং অনলাইন ব্যবসায়ীদের পরিবহন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে ডাক বিভাগ চালু করেছে একটি ডিজিটাল ডাক মাশুল ক্যালকুলেটর, যার মাধ্যমে পার্সেল পাঠানোর আগেই অনলাইনে সম্ভাব্য খরচ জানা যায়।
সারা দেশে আধুনিক সেবা সম্প্রসারণ
ডাক বিভাগের সেবাকে আরও উন্নত করতে দেশের বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। একই সঙ্গে ই-কমার্স খাতের লজিস্টিকস সেবা জোরদার করতে দেশের বিভিন্ন অঞ্চলে ১৪টি আধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পার্সেল পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
অনলাইনেই পার্সেলের অবস্থান জানুন
স্পিড পোস্ট সেবার অন্যতম সুবিধা হলো ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা। পার্সেল বুকিংয়ের পর গ্রাহক ট্র্যাকিং নম্বর ব্যবহার করে অনলাইনে যেকোনো সময় জানতে পারবেন পার্সেলটি বর্তমানে কোথায় রয়েছে এবং কোন পর্যায়ে আছে।
এ ছাড়া আন্তর্জাতিক পার্সেল পাঠানোর জন্য ডাক বিভাগের ইএমএস সেবাও চালু রয়েছে। বিদেশে পাঠানো পার্সেলের অবস্থানও নির্ধারিত গ্লোবাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে অনুসরণ করা যায়।
কত সময়ের মধ্যে পৌঁছাবে?
পার্সেল পাঠানোর প্রক্রিয়াটি রাখা হয়েছে সহজ ও ঝামেলামুক্ত। নিকটস্থ নির্ধারিত ডাকঘরে পার্সেল জমা দিয়ে মাশুল পরিশোধ করলে গ্রাহককে একটি ট্র্যাকিং নম্বরসহ অফিসিয়াল রসিদ দেওয়া হয়।
ডেলিভারির সম্ভাব্য সময়সূচি হলো-
ঢাকার ভেতরে: ২৪ ঘণ্টা
ঢাকার বাইরে: ৪৮ ঘণ্টা
ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক
বাংলাদেশ ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্কের কারণে দেশের প্রত্যন্ত ইউনিয়ন পর্যায় থেকেও সহজেই পার্সেল বুকিং ও বিতরণ করা সম্ভব। ফলে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার গ্রাহকেরাও সমানভাবে এই সেবা গ্রহণ করতে পারছেন।
ঢাকার যেসব পোস্ট অফিসে ডেলিভারি সুবিধা
রাজধানীর গ্রাহকেরা ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, ওয়ারীসহ ঢাকার গুরুত্বপূর্ণ ২১টি সাব-পোস্ট অফিস থেকে দ্রুত পার্সেল ও চিঠি গ্রহণ ও প্রেরণের সুবিধা পাচ্ছেন।
যোগাযোগের জন্য
স্পিড পোস্ট বা ডাক বিভাগের অন্যান্য সেবা সম্পর্কে তথ্য, অভিযোগ কিংবা বুকিং সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করা যাবে-
ডাক অধিদপ্তর: ০১৩৩৫-১২৪৪৫৮
মেট্রোপলিটন সার্কেল, ঢাকা: ০১৭১১-৯৪৫১৭৬
এ ছাড়া ডাক বিভাগের আধুনিক সেবা, ট্র্যাকিং সুবিধা এবং নিকটস্থ ডাকঘরের তথ্য জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা যাবে।
