প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে খাদ্যের মান নিশ্চিত করতে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (৩ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যবিবরণীতে বলা হয়, অভিযোগটি সামনে আসার সঙ্গে সঙ্গেই ববি হাজ্জাজ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর উপজেলা শিক্ষা অফিস দ্রুত ঘটনাস্থলে তদন্ত চালায়।
তদন্তে জানা যায়, গত ১ জুলাই শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা ১৩৩টি ডিমের মধ্যে ২০টি নিম্নমানের ছিল। বিষয়টি বিদ্যালয়ের গার্ডিয়ান কমিটি দ্রুত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের নজরে আনে। এরপর প্রতিষ্ঠানটি এক ঘণ্টার মধ্যেই ত্রুটিপূর্ণ ডিমগুলো সরিয়ে নতুন ও মানসম্মত ডিম সরবরাহ করে। পরে শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার বিতরণ নিশ্চিত করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্কুল ফিডিং কর্মসূচিতে মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং শূন্য সহনশীলতার নীতি কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
ববি হাজ্জাজ জানান, শিক্ষার্থীদের খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যেই গার্ডিয়ান কমিটি গঠন করা হয়েছিল। বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি সেই উদ্যোগের কার্যকারিতারই প্রমাণ। গার্ডিয়ান কমিটির তৎপরতার কারণেই ত্রুটিপূর্ণ ডিম বিতরণের আগেই তা শনাক্ত করা সম্ভব হয়েছে এবং শিক্ষার্থীদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি পুরোপুরি এড়ানো গেছে।
তিনি আরও জানান, তার নির্দেশনায় গত ১৮ মে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মায়েদের অংশগ্রহণে পাঁচ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটি গঠন করা হয়। স্কুল ফিডিং কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিয়মিত নজরদারি নিশ্চিত করাই এ কমিটি গঠনের প্রধান উদ্দেশ্য।
