প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বিশেষ সুবিধা পায়? বিশ্ব ফুটবলে বহুদিনের আলোচিত এই প্রশ্ন আবারও সামনে এসেছে চলতি বিশ্বকাপের মঞ্চে। শেষ ৩২ এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সামনে তোলা হয় এই বিতর্কিত প্রশ্ন।
মায়ামিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেবল প্রতিপক্ষ নয়, আলোচনায় উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনও।
ফিফা আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখায় এমন অভিযোগকে সরাসরি উড়িয়ে না দিয়ে স্কালোনি বরং এসব আলোচনার উৎস নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরঞ্জিত ও ভিত্তিহীন প্রচারণাই এ ধরনের বিতর্কের জন্ম দেয়।
প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা না পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকাবেন না, ব্যস এটুকুই। যদি ওসব না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।’
স্কালোনির মতে, ডিজিটাল যুগে যেকোনো গুজব মুহূর্তেই বড় আকার নিতে পারে এবং অনেক সময় বাস্তবতাকে আড়াল করে দেয়। তিনি বলেন, ‘আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে দলকে নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন স্কালোনি। গ্রুপপর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা আত্মবিশ্বাসী হলেও কোচের মনোযোগ কেবল মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ রাখতে চান।
এ প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম জিনিসটাই এমন। এর ভালো দিক যেমন আছে, তেমনি কিছু খারাপ দিকও আছে। দুর্ভাগ্যবশত, যে কেউ যেকোনো আজেবাজে কথা পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবখানে। আমরা এসবের দিকে একদমই কান দিই না, ব্যস এটুকুই।’
বিশ্বকাপের নকআউট পর্বে প্রবেশের আগে এই মন্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনা শিবির নিজেদের ঘিরে থাকা বিতর্ক নয়, বরং মাঠের পারফরম্যান্সেই জবাব দিতে প্রস্তুত।
