প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সচেতন নাগরিক হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে আয়োজিত ‘নারীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’–এর সমাপনী আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে জাবিপ্রবি শাখা বহিঃশিখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "একজন আত্মবিশ্বাসী ও শিক্ষিত নারী শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও গুরুত্বপূর্ণ সম্পদ।" তিনি বলেন, "আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যমে নারীরা আরও আত্মনির্ভরশীল ও সাহসী হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।"
জাবিপ্রবি বহিঃশিখার আহ্বায়ক মানতাশা নুসরাত জামান প্রকৃতির সভাপতিত্বে এবং জোয়াইরিয়া বিনতে জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীণ ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, বহিঃশিখার উপদেষ্টা ড. মাহমুদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, শিক্ষক এস. এম. ইউসুফ আলী এবং তোহফা মাহানূর।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কেবল আইনি ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি আত্মসচেতনতা, আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার মৌলিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনও জরুরি। তাদের মতে, এ ধরনের প্রশিক্ষণ সংকটপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নারীদের মানসিক দৃঢ়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, "নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মানসিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন করবে।" তিনি পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র নারীর প্রতি সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সাংবাদিক সমিতির সহ-সভাপতি ইয়াসির আরাফাত, গ্রীণ ভয়েসের সভাপতি তৌসিফ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়া তেজগাঁও কলেজ গ্রীণ ভয়েসের সভাপতি শাহারিয়া কবির হৃদয়, সাধারণ সম্পাদক তাসলিমা খাতুন এবং হাবিবুল্লাহ বাহার কলেজের সদস্য সচিব রমেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বহিঃশিখার সদস্যরা উপস্থিত ছিলেন।
