শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে আইইইইর আন্তর্জাতিক রাইকন সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (RAAICON 2026) সম্মেলন।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ সশরীরে ও ভার্চুয়াল—উভয় মাধ্যমে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনটির যৌথ আয়োজক হিসেবে রয়েছে আইইইই (Institute of Electrical and Electronics Engineers) বাংলাদেশ শাখা এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (RAS) বাংলাদেশ চ্যাপ্টার।

রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রযুক্তির সর্বশেষ গবেষণা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সম্মেলন।

সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা ও চলন বিশ্লেষণ, মেশিন লার্নিং, স্মার্ট কারখানা, স্বয়ংচালিত যানবাহন, জীব-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম অটোমেশন, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে। নির্বাচিত গবেষণাপত্রগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।

কনফারেন্স চেয়ারম্যান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, "আইইইই কনফারেন্স আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। প্রতি বছর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আইইইই কনফারেন্স হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। এই বছর আমরা অত্যন্ত জাকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে কনফারেন্স শুরু করতে যাচ্ছি, আশা করি প্রতিবছর এই ধারা অব্যাহত থাকবে। এই ধরণের আন্তর্জাতিক কনফারেন্স দেশী-বিদেশী বিভিন্ন গবেষকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ, সাম্প্রতিক গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।"

এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট, সেরা গবেষণাপত্র পুরস্কার এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনের আয়োজক সূত্রে জানা গেছে, গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ জুলাই ২০২৬। গ্রহণযোগ্যতার নোটিশ প্রকাশ করা হবে ১৮ আগস্ট, চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমার শেষ তারিখ ৩০ আগস্ট এবং লেখক নিবন্ধনের শেষ সময়ও ৩০ আগস্ট ২০২৬।

Link copied!