সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

মেট্রোপলিটনে তিনদিনব্যাপী ‘এমইউমুন’ সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:১৫ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (এমইউমুন) আয়োজিত তিনদিনব্যাপী ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স (এমইউমুন) ২০২৬’ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার গালা নাইটের মধ্য দিয়ে এই সম্মেলনের পর্দা নামে। ‘গ্লোবাল ক্রসরোডস: ইনোভেশন, কনফ্লিক্ট, অ্যান্ড দ্য ফিউচার অব ইন্টারন্যাশনাল অর্ডার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার (২৫ জুন) এই সম্মেলন শুরু হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জান্নাতুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড. মো. মাসুদ রানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার মকসুদ আহমেদ, সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশনের পরিচালক ও এমইউমুনা’র উপদেষ্টা চৌধুরী মুজাদ্দিদ আহমেদ, সংগঠনের প্রাক্তন সহ-সভাপতি অর্কাতুল জান্নাত অর্পা এবং এমইউমুন ২০২৬-এর মহাসচিব মেহজেবিন আহমেদ।

উদ্বোধনী পর্ব শেষে প্রতিনিধিরা নিজ নিজ কমিটির কার্যক্রম ও ওরিয়েন্টেশন সেশনে অংশগ্রহণ করেন। মুমিনুল হক ফাহিমের সভাপতিত্বে উদ্বোধনী প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক পরিবেশনা, পারস্পরিক মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের মাধ্যমে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলেন।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী বিভিন্ন কমিটির অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিরা সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু, বৈশ্বিক নিরাপত্তা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত নানা বিষয়ে গবেষণাভিত্তিক আলোচনা ও কূটনৈতিক বিতর্কে অংশ নেন।
সম্মেলনের সাতটি কমিটি ছিল। এগুলোর প্রতিনিধিরা নিজ নিজ এজেন্ডা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি অধিবেশনেই তাদের বিশ্লেষণধর্মী উপস্থাপনা, নীতিগত অবস্থান এবং সমাধানভিত্তিক প্রস্তাব আলোচনাকে সমৃদ্ধ করে।

কমিটিগুলো ছিল এরকম: ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউএন উমেন, ইউনাইটেড নেশনস পিসবিল্ডিং কমিশন (ইউএনপিবিসি), ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি), ইন্টারন্যাশনাল প্রেস (আইপি), স্পেশাল কমিটি ফর রিফর্মেশন অ্যান্ড অ্যাকশন প্ল্যান (এসসিএফআরএপি) এবং ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি)।

শনিবার (২৭ জুন) চূড়ান্ত কমিটি অধিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন, যেখানে বিভিন্ন কমিটির প্রতিনিধি গৃহীত প্রস্তাব, সুপারিশ এবং আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন। প্লেনারি সেশনে প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক মতামত সম্মেলনের সামগ্রিক অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে মডেল ইউনাইটেড নেশনস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল, প্রক্টর সৈয়দ নাকিব সাদী এবং সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশন-এর অতিরিক্ত পরিচালক মিসেস সালমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক মেহনাজ রহমান ফাইজা এবং এমইউমুন ২০২৬-এর মহাসচিব মেহজেবিন আহমেদ। সমাপনী অধিবেশন পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তাহমিদ পারভেজ সানি। সম্মেলনের সফল আয়োজন ও পরিচালনায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সেক্রেটারিয়েট সদস্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন কমিটিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রতিনিধিদের ‘আউটস্ট্যান্ডিং ডেলিগেট’ ‘স্পেশাল মেনশন-১’ ও ‘স্পেশাল মেনশন-২’ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের সদস্য, আয়োজক কমিটি এবং কনফারেন্স ম্যানেজারদের অবদানের স্বীকৃতি জানানো হয়। পরে গালা নাইটের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Link copied!