হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১২:১৫ এএম
সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --
ফাইল ফটো
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘দানেশ ব্লাড ব্যাংক’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জান্নাতুল ফেরদৌস হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব হোসেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে মোঃ ইয়াওমুন জুমা,সহ সভাপতি মৃদুল চন্দ্র দাস ও মোছাঃ তুবা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে মোঃ নাহিদ রানা ও তমা রায়।
আজ ২৮ ই জুন ২০২৬ ইং তারিখে সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির দায়িত্বশীলরা জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি দিনাজপুর অঞ্চলের সাধারণ মানুষের জরুরি রক্তের চাহিদা মেটাতে তারা আগের চেয়েও বেশি সক্রিয় ভূমিকা পালন করবেন। সেই সাথে থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে মোঃ জান্নাতুল ফেরদৌস হৃদয় তার অনুভূতি ব্যাক্ত করে বলেন,
"আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি নতুন কমিটির আমার বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি। বর্তমান দানেশ ব্লাড ব্যাংক, হাবিপ্রবি কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যার মাঝে ডোনার সংকট বা ব্লাড ডোনেশনের প্রতি অনাগ্রহ অনেক বড় একটি সমস্যা। এই পরিস্থিতিতে আমি দানেশ ব্লাড ব্যাংকের দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো দানেশ ব্লাড ব্যাংকের এই দুর্দশা কাটিয়ে তুলে মানবসেবায় অবদান রাখার জন্য। আমি ও আমার কমিটির সকল সদস্যের পক্ষ থেকে সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমাদের ব্লাড ডোনেশন করে সহযোগিতা করুন, ব্লাড ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা করুন। সকলের কাছে দোয়া প্রার্থী"
নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন বলেন," দানেশ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং মানবসেবায় নিজেকে নিয়োজিত করার একটি নতুন অধ্যায়ের সুচনা।আমি বিশ্বাস করি, রক্তদান একটি মহৎ কাজ, যা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে। সাধারণ সম্পাদক হিসেবে আমি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে, স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ । আমার সহযোগীদের নিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে দানেশ ব্লাড ব্যাংককে আরও সমৃদ্ধ ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।"