প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১১:৪০ এএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গুরুত্বপূর্ণ কবিরহাট-রবিদাস সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন বামনী ও সোনাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির অধিকাংশ অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ছোট ছোট জলাশয়ের রূপ নেয়। এতে পথচারী ও যানবাহন চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙাচোরা সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
স্থানীয়দের মতে, বামনী ও সোনাপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। সড়কটির পাশে রয়েছে ৮ থেকে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ৪টি বাজার। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। একই সঙ্গে জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে অনেক বেশি, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে রায়পুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সুমন মুনন্সী জানান, সড়কটি সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন। জনদুর্ভোগ কমাতে মূল কাজ শুরু হওয়ার আগে অতি জরুরি ভিত্তিতে সড়কের খানাখন্দ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
