প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১২:০৭ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির রাজধানীতে পৌঁছানোর পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় ছোট্ট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জুবাইদা রহমানকে।
লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার পর্বে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে দেশটি সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সফরের দ্বিতীয় দিনে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই দেশের সরকারপ্রধান বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি পর্যটন ও সংস্কৃতি খাতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
