প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৮:১৩ এএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল থাকে। এটি হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, পেশিকে শক্তিশালী করে এবং শরীরের রক্তসঞ্চালন উন্নত করে। একই সঙ্গে মানসিক চাপ কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ও ব্যস্ত জীবনে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। একটি সুস্থ শরীর ও সুস্থ মনই পারে একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে দক্ষ প্রকৌশলী, গবেষক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে।
আজ ২৩ জুন (মঙ্গলবার) ২০২৬ চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালনায় এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এতে সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন।
উল্লেখ্য,এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে সিই বিভাগ, ডবিøউআরই বিভাগ,এমই বিভাগ, পিএমই বিভাগ, এমআইই বিভাগ,ইইই বিভাগ, সিএসসি বিভাগ, ইটিই বিভাগ, বিএমই বিভাগ, ইউআরপি বিভাগ, স্থাপত্য বিভাগ এবং এমএমই বিভাগ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন বিভাগের পতাকা উত্তোলন করার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়। উদ্বোধনী খেলায় বিএমই বিভাগ এবং স্থাপত্য বিভাগ মুখোমুখি হয়।
