ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
বুধবার ২৪, জুন ২০২৬ -- : -- --
যবিপ্রবিতে ‘উচ্চমানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে “রাইটিং অ্যান্ড পাবলিশিং হাই ইমপ্যাক্ট রিসার্চ পেপার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ কর্মশালার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের বিভিন্ন দিক এবং এ–সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইমরান খান বলেন, “বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল গবেষণা সরঞ্জামের ব্যবহার গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তবে প্রযুুক্তির এই সুবিধার পাশাপাশি গবেষণার সততা ও একাডেমিক নৈতিকতা বজায় রাখাও সবার দায়িত্ব। বিশেষ করে নবীন গবেষকদের এআই ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের নীতিমালা ও ডিক্লেয়ারেশনের বিষয়টি গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। এছাড়াও গবেষণার মান ও নৈতিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের দায়িত্ব।”
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন কর্মশালার সভাপতি এবং আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।