মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

যবিপ্রবির ভাড়া করা বাসের সঙ্গে মালবাহী নসিমনের সংঘর্ষ, নিহত ১

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১০:০৬ পিএম

মালবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যবিপ্রবির ভাড়া করা বিআরটিসি বাস। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাড়া নেওয়া বিআরটিসি বাসের সঙ্গে মালবাহী নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনি আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের পোলতাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন দড়াটানা এলাকা থেকে ছেড়ে আসা যবিপ্রবির ভাড়া করা বিআরটিসির কাঠমালতি সিঙ্গেল ডেকার বাসটি পোলতাডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি মালবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে নসিমনে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত হাফিজুর রহমান (৫০) যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। গুরুতর আহত রুবেল হোসেন খোকন (৩৫) একই গ্রামের খায়রুলের ছেলে।

দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় নেওয়া বিআরটিসি একতলা বাসের সঙ্গে একটি মালবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে অপর পাশ দিয়ে যাওয়া বিআরটিসি বাসের সাথে মুখোমুখি হয়ে যান। দুর্ঘটনায় নসিমন চালক গুরুতর আহত হন এবং তার সহযোগী নিহত হন।" তিনি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ভাড়ায় নেওয়া বিআরটিসি বাসের ইনচার্জ শমসেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে খুলনা জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"

বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন বাস সরবরাহের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "তাদের কোনো গাড়িই ফিটনেসবিহীন নয় এবং দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশে আগে থেকেই একটি ঢাকনা লাগানো ছিল, যা দুর্ঘটনার পর আরও বেশি ক্ষতিগ্রস্ত ও ভাঙা দেখা যাচ্ছে। আমরা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়কে ফিটনেসবিহীন গাড়ি সরবরাহ করি না।"

দুর্ঘটনায় জড়িত বাসচালক ও হেল্পারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "এখনো চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

Link copied!