মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

কেকেবিএইউতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আজ ২০ জুন ২০২৬ খ্রি. বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে Artificial Intelligence and Machine Learning শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং জ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন । সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন আমেরিকান এক্সপ্রেস-এর AI and Machine Learning বিভাগের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং এবং ডিরেক্টর অব ডাটা সায়েন্স, একই সঙ্গে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাডভাইজর ড. মোঃ মাহবুব কবির। তিনি AI 101: A Brief Introduction শীর্ষক আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং-এর মৌলিক ধারণা, এর বিভিন্ন প্রয়োগ, সাম্প্রতিক অগ্রগতি এবং শিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রে এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন এবং গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, কানাডার কুইন্স ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটিং-এর অ্যাডজাঙ্কট প্রফেসর ড. রাহাতারা ফেরদৌসী Becoming AI Ready for an Intelligent Future শীর্ষক বক্তব্যে ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, AI-নির্ভর দক্ষতা অর্জনের গুরুত্ব এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে নিজেকে উপযোগী করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

বক্তাদের তথ্যবহুল আলোচনার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বক্তাগণ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আলোচ্য বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। 

Link copied!