সোমবার ২২, জুন ২০২৬

সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৩:২১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘কলা ও মানবিক বিষয়ে গবেষণা পদ্ধতি: পদ্ধতি ও প্রয়োগ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ জুন) সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জ্ঞান অর্জন ও শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। শিক্ষকরা নতুন নতুন জ্ঞান অর্জনের মাধ্যমে তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেন। গবেষণার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, শুধু বিদ্যমান তথ্যের ওপর ভিত্তি করে গবেষণা করলে হবে না, নতুন তথ্য ও বিশ্লেষণ যুক্ত করতে হবে। গবেষণায় মৌলিকত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের তথ্য বা গবেষণাকে নিজের নামে উপস্থাপন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গবেষণার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান। তিনি গবেষণা পদ্ধতি, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণা চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!