মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৮:০১ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ড. আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, "আগামী দিনে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের মতো সাধারণ বিষয়গুলোতে উভয় ধারার শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষায় অংশ নেবে।"

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমরা মাদ্রাসা শিক্ষাকে মর্ডানাইজ করার জন্য সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করছি। শিক্ষায় কোনো বৈষম্য চাই না।"


তিনি বলেন, “আগামীতে ক্রমান্বয়ে আমরা শিক্ষাখাতে জিডিপির ৪ শতাংশের বেশি বরাদ্দে পৌঁছাব। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যুগোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।”


উচ্চশিক্ষা বিষয়ে মন্ত্রী বলেন, “সম্প্রতি বগুড়া ইউনিভার্সিটি বিল পাস হয়েছে। সেখানে আধুনিক ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইউরোপ-আমেরিকার আদলে এ ধরনের বিশ্ববিদ্যালয় দেশে এই প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে। নোয়াখালীতেও এমন একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশে জনসংখ্যা কমছে, কিন্তু আমাদের দেশে বাড়ছে। এটিকে বোঝা নয়, সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

শিক্ষা প্রশাসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষকের পদের মধ্যে ৩২ হাজার পদোন্নতি আটকে আছে। বিষয়টি আদালতের নজরে এসেছে এবং আগামী ২ জুলাই এর সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Link copied!