ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন যবিপ্রবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (মেয়ে) ২০২৬-এর শিরোপা জিতেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
রবিবার (২১ জুন) বিকেল তিনটায় যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
এবারই প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে হ্যান্ডবল দলের অধিনায়ক খুশি খাতুন বলেন, "আমরা সেই ৬ তারিখ থেকে প্রাক্টিস শুরু করেছি। আমাদের ঘরের মাঠে আজ চ্যাম্পিয়ন ট্রফিটি আমাদের হাতে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি"
দলের সাফল্যের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ও খেলোয়াড়দের ত্যাগের কথা তুলে ধরে যবিপ্রবির হ্যান্ডবল (মেয়ে) দলের কোচ মোঃ শাহিনুর রহমান বলেন, " আজকের এই অর্জন দীর্ঘদিনের পরিশ্রমের ফল। আমার খেলোয়াড় মেয়েরা তাদের ক্লাসে অংশগ্রহণ করে আবারো মাঠে সকাল-বিকাল ছুটে এসেছে তাদের প্রাক্টিস সেশনে। এক্ষেত্রে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের স্যাক্রিফাইস ছাড়া এটা সম্ভব ছিলো না। পাশাপাশি আমি শরীরচর্চা দপ্তরের সকল স্যারসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শক, গ্রাউন্ডসম্যান এবং সকল মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মেয়েরা তাদের অর্জন দিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে বলে আশা রাখি। "
চ্যাম্পিয়ন হওয়া যবিপ্রবি দলের খেলোয়াড়রা হলেন খুশি খাতুন (অধিনায়ক), আইভি আক্তার অরিন, আফরা খন্দকার, পূর্ণিমা রানি, মোছাঃ সানজিদা আক্তার সাথি, মোঃ রুপা খাতুন, সাদিয়া আক্তার, পান্না আক্তার বর্ষা, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, চোসাও রৌজা এবং পূর্ণিমা রানী মন্ডল।
প্রতিযোগিতা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পান্না আক্তার বর্ষা। এ ছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।