জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপে যখন সরব গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থনে ৭৫০ স্কয়ার ফিটের বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য শোডাউন ও আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাম্বা ভক্তরা।
রোববার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি পুরো ক্যাম্পাসকে রূপ দেয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়। সবুজ-হলুদ রঙে সেজে ওঠা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে বিশ্বকাপের আবহ।
বিশ্ববিদ্যালয়ের ‘জয়ধ্বনি মঞ্চ’ থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে বিদ্রোহী হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের মূল আকর্ষণ ছিল ৭৫০ স্কয়ার ফিটের বিশাল ব্রাজিলিয়ান পতাকা, যা বহন করে এগিয়ে যান সমর্থকরা। প্রিয় দলের জার্সি পরিহিত শিক্ষার্থীরা হাতে ব্যানার, পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন শোডাউনে।
আয়োজনকে আরও আকর্ষণীয় ও বর্ণিল করে তুলতে ব্যবহার করা হয় পার্টি স্প্রে, রঙিন স্মোক ফ্লেয়ার, সাউন্ড সিস্টেম, হ্যান্ড মাইক, ঐতিহ্যবাহী বাঁশি, আতশবাজি ও মোটরসাইকেল শোডাউন। সমর্থকদের উচ্ছ্বাস, গান, নাচ এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝেও দেখা যায় ব্যাপক আগ্রহ ও কৌতূহল।
মিছিল চলাকালে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন রসাত্মক ও খুনসুটিপূর্ণ স্লোগান দিতে দেখা যায় ব্রাজিল ভক্তদের। “থ্রি পিস, হৈ হৈ রৈ রৈ-আর্জেন্টিনা গেল কই”সহ নানা স্লোগানে সরগরম হয়ে ওঠে চারপাশ, যা উপস্থিত দর্শকদের মাঝেও আনন্দের খোরাক জোগায়।
বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে যাত্রা শুরু করলেও পরবর্তী ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে।
আয়োজনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সদস্য আরমানি তনু বলেন, “মরক্কোর বিপক্ষে ড্র করলেও হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ব্রাজিলই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে। মাঠের সেরা ফুটবল উপহার দিয়ে সেলেসাওরা বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের মুখে হাসি ফোটাবে।”
বিশ্বকাপের আবেগ, সমর্থকদের উচ্ছ্বাস এবং প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন ইতোমধ্যেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাম্বার ছন্দে, সবুজ-হলুদের আবহে এবং ‘হেক্সা মিশনের’ স্বপ্নে ভাসছে এখন পুরো ক্যাম্পাস।