রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --
ফাইল ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেট এলাকায় প্রকাশ্যে ছয় দফা দাবি উত্থাপন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সংগঠনটির পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক মামলা, গ্রেপ্তার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
মানববন্ধনে উত্থাপিত ছয় দফা দাবিগুলোর মধ্যে ছিল
১. শিক্ষা প্রতিষ্ঠানে “মব সৃষ্টি” করে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা এবং শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।
২. স্বাস্থ্য কর্মসূচি ও শিশু মৃত্যুর ঘটনাসহ বিভিন্ন অভিযোগে পলাতক ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।
৩. ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া কথিত অবৈধ বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করা।
৪. সংগঠনটির আটক নেতাকর্মীদের গ্রেপ্তার-পরবর্তী হয়রানি বন্ধ করে নিঃশর্ত মুক্তির দাবি।
৫. কোটা আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক নিয়োগ বন্ধের আহ্বান।
৬. নারী ও শিশু নির্যাতন, অনলাইন হয়রানি এবং অন্যান্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার হাতে অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ছিল।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় ক্যাম্পাস এলাকায় রাজনৈতিক তৎপরতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশংকা সৃষ্টি হয়েছে।