প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরুটা ছিল বাংলাদেশের জন্য উদ্বেগের। টানা তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা দলটি ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছিল না। আক্রমণে ধারালো ফুটবল খেলছিল নেপাল, আর সেই চাপে পড়েই পিছিয়ে যায় বাংলাদেশ। তবে প্রতিকূলতা সামলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে লাল সবুজের মেয়েরা।
সেমিফাইনালের টানটান উত্তেজনার ম্যাচে নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। বল দখল এবং আক্রমণের দিক থেকে এগিয়ে থাকা দলটি ২৩ মিনিটে এগিয়েও যায়। দীপা শাহির নেওয়া কর্নার থেকে আসা বলে পায়ের টোকায় গোল করেন গীতা রানা। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে। তবে বিরতির ঠিক আগে ম্যাচে ফেরে পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কর্নার কিক থেকে সরাসরি গোল করেন ঋতুপর্ণা চাকমা। তার এই ‘অলিম্পিক গোল’ বদলে দেয় ম্যাচের চিত্র। বিরতিতে দুই দল মাঠ ছাড়ে ১–১ সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেও চাপ অব্যাহত রাখে নেপাল। এক পর্যায়ে বাংলাদেশের গোলকিপারকে কাটিয়ে শট নিয়েছিলেন রেখা। তবে বল পোস্টে লেগে ফিরে আসায় অল্পের জন্য বিপদ এড়ায় বাংলাদেশ।
এরপর দুই দলই একাধিক আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা মিলছিল না। ৬৯ মিনিটে নেপালের সারু লিম্বুর বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বাংলাদেশের গোলকিপার মিলি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
ম্যাচের ৭৮ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে কাছ থেকে শট নিয়েছিলেন সাগরিকা। তবে নেপালের গোলকিপারের দুর্দান্ত ঘুষিতে বল ফিরে যায়। সে সময় মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারত এই সুযোগটি।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরও স্কোরলাইন ছিল ১–১। ম্যাচ তখন গড়িয়েছে যোগ করা সময়ে। ঠিক সেই সময়ই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের ছয় মিনিটে দারুণ সমন্বিত আক্রমণ থেকে গোল করেন সাগরিকা। ম্যাচের একেবারে শেষ দিকে করা সেই গোলই নিশ্চিত করে বাংলাদেশের জয়।
শেষ পর্যন্ত ২–১ গোলের জয়ে নেপালকে বিদায় করে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আরও একবার শিরোপার খুব কাছে পৌঁছে গেল লাল সবুজের মেয়েরা।
