প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একাধিক স্থানে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১ জুন) আইওয়ার মাসকাটিন শহরে দুটি বাসভবন ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
মাসকাটিন পুলিশ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, দুপুর ১২টা ১২ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে বাড়ির ভেতরে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে একটি সেতুর কাছে তাকে খুঁজে পায় পুলিশ।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে নিজের ছোড়া গুলির আঘাত ছিল। জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে তদন্ত চলাকালে আরও দুই ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। তাদের একজনের মরদেহ মিল স্ট্রিটের একটি বাড়ি থেকে এবং অপরজনের মরদেহ গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারাও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে পারিবারিক দ্বন্দ্বই মূল কারণ হতে পারে। নিহত সাতজনের মধ্যে ছয়জনই সন্দেহভাজন হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় বা বয়স প্রকাশ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডের বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। যদিও সে সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
