রবিবার ০৭, জুন ২০২৬

রবিবার ০৭, জুন ২০২৬ -- : -- --

বিশ্ব পরিবেশ দিবসে চাঁদপুরে ইএসডিএ’র যাত্রা শুরু

মোঃ আয়নুল ইসলাম

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:২১ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংগঠন Eco-Social Development Alliance (ESDA)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ কেবল সবুজায়ন বৃদ্ধির প্রচেষ্টা নয়; বরং একটি টেকসই, মানবিক ও পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মারুফ হোসেন সিয়াম, সাধারণ সম্পাদক মুজাহিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (আরিফ), দপ্তর সম্পাদক রিয়া সরকার, তথ্য ও প্রচার সম্পাদক শামসুল ইসলাম (মাহাতাব), ছাত্র বিষয়ক সম্পাদক আলামিন শিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইএসডিএ ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের বিকল্প নেই। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, আজকের এই ক্ষুদ্র উদ্যোগ আগামী দিনের বৃহত্তর ইতিবাচক পরিবর্তনের ভিত্তি রচনা করবে এবং পরিবেশ ও সমাজ উন্নয়নে ইএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Link copied!