রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১০:৫২ পিএম
বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --
বন্ধ ক্যাম্পাসে প্রাণীদের পাশে জবি ছাত্রদল
ঈদের ছুটিতে দীর্ঘদিন বন্ধ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অভুক্ত ও তৃষ্ণার্ত প্রাণীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩ জুন) ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। ছাত্রদলের নেতারা জানান, ঈদের ছুটিতে দীর্ঘ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী নিয়মিত খাবার পায় না। তীব্র দাবদাহের মধ্যেও তাদের খাদ্য ও পানির সংকট দেখা দেয়। প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ এবং তাদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিটি বাস্তবায়নে নেতৃত্ব ও অনুপ্রেরণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। তাঁর উদ্যোগে নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রাণীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেন।
এ বিষয়ে সুমন সরদার বলেন,"ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় প্রাণীগুলো খাদ্যসংকটে পড়েছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।"
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক রবিন মিয়া শাওন বলেন,"দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক নিরীহ প্রাণী, বিশেষ করে পথকুকুরগুলো চরম খাদ্যসংকটে পড়েছে। বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের অন্যান্য সংগঠন ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।"
ছাত্রদল নেতারা জানান, প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ক্যাম্পাসে থাকা প্রাণীদের কল্যাণে মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।