প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
পুরোনো পেশা শিক্ষকতায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এবার বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন তিনি। সাবেক এই উপদেষ্টা ক্লাস নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২ জুন) ফাওজুল কবির খান নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেছেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও ১৫ বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতাম।
তিনি পোস্টে আরও লেখেন, আমার নতুন কর্মস্থল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
প্রসঙ্গত, মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ এবং সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি একইসঙ্গে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।
