প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৮:০৭ পিএম
বিশ্বখ্যাত গবেষণা সূচক “ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬”-এ স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা প্রতিষ্ঠান স্প্রিঞ্জার ন্যাচার পরিচালিত ন্যাচার ইনডেক্সের ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে রয়েছে।
র্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে যবিপ্রবির সামগ্রিক অবস্থান ৯৬৫০তম এবং একাডেমিক পর্যালোচনায় ৪১৫৮তম। দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ৪৯তম, একাডেমিক মূল্যায়নে ৩৩তম এবং স্বাস্থ্যবিজ্ঞান গবেষণায় ৪০তম।
ন্যাচার ইনডেক্স বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা এবং গবেষকদের অবদানের আনুপাতিক হারের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে থাকে। গবেষণার মান ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সূচক হিসেবে বিবেচিত।
