রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

শিশু রামিসা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:৩১ পিএম

শিশু রামিসার উপর সংঘটিত নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার শহরের কেন্দ্রীয় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে “শিশু নিরাপত্তা চাই”, “দ্রুত বিচার চাই”, “ধর্ষকদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংসতা কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়লেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের উৎসাহিত করছে।

তারা আরও বলেন, “আসুন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়তে সবাইকে সোচ্চার হতে হবে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার, দ্রুত তদন্ত সম্পন্ন এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

HRDS মৌলভীবাজার জেলা শাখার নেতারা বলেন, শিশুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার আহ্বান জানান তারা।

কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

 
 
Link copied!