প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৩৮ এএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বইপ্রেমীদের সংগঠন বুকওয়ার্মস অফ এইচএসটিইউ এর ২০২৬ সালের নতুন কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী সাদিয়া নুসরাত ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরেনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সাঈদ।
সাংগঠনিক পদে মো. নাহিদুল ইসলাম আবির,কোষাধ্যক্ষ পদে এ.বি.এম সাজিদ আশরাফ, লাইব্রেরিয়ান পদে মোছা. সায়েমা আফরিন, আইটি সম্পাদক পদে সাদিক খান,দপ্তর সম্পাদক পদে কানিজ মুর্শিদা,প্রচার সম্পাদক পদে সিফাত জাহান নাইস,ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পদে শিহাব মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাজ ইমতিয়াজ পৃথিল, ম্যাগাজিন সম্পাদক পদে তাবাসসুম ও সমাজকল্যাণ সম্পাদক পদে বৈশাখী আক্তার মনোনীত হয়েছেন। এছাড়া বাকিরা অন্যন্য পদে মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি সাদিয়া নুসরাত বলেন, প্রিয় পাঠক এবং সাহিত্যপ্রেমী,বই শুধু কাগজ এবং কালির সমাহার নয়। এটি জ্ঞানের ভাণ্ডার, সংস্কৃতির আয়না এবং সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। বুকওয়ার্মস এই বিশ্বাসেই প্রতিষ্ঠিত।
আমরা নতুন পাঠক সৃষ্টি করতে এবং জ্ঞান বিনিময় করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাঠচক্রে সাহিত্য আলোচনা, বই বিনিময় এবং সমকালীন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য-সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার করছি এবং সমাজে সচেতনতা ও চিন্তাশীলতা বৃদ্ধি করছি।
প্রতিটি বই একটি নতুন জগতের দরজা খোলে। প্রতিটি পাঠ একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। আমরা বিশ্বাস করি, একটি পড়ুয়া সমাজই একটি সচেতন ও প্রগতিশীল সমাজ।আমাদের সাথে যোগ দিন। বইয়ের আলোতে নিজেকে এবং সমাজকে আলোকিত করুন।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির পড়াশোনার ফাঁকে আমরা অনেক সময়ই ভুলে যাই যে, শুধু সমীকরণ আর কোড দিয়ে একজন পূর্ণ মানুষ তৈরি হয় না। পড়ার অভ্যাস আমাদের ভাবতে শেখায়, সমস্যাকে ভিন্নভাবে দেখতে শেখায় এবং নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।
বুকওয়ার্মস সেই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছে। এখানে আমরা বই পড়ি, আলোচনা করি এবং একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিই। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট-ক্যাম্পাসে বই পড়ার একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলা, বুদ্ধিবৃত্তিক চর্চাকে তরান্বিত করা ও সাহিত্য অনুরাগী মানুষদের সংস্পর্শে আমাদের মনের খোরাক আরো সমৃদ্ধ করা ।
যদি মনে করেন বইয়ের পাতায় এখনো কিছু খোঁজার আছে, তাহলে আমরা আপনার জন্যই আছি।
