আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:১৮ পিএম
সোমবার ১৮, মে ২০২৬ -- : -- --
সেলিনা বেগম। ছবি: সংগৃহীত
খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) অনুযায়ী তাঁর কর্তব্যে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
তবে খেলোয়াড় ও শিক্ষার্থীদের দাবি, সেলিনা বেগমকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক মোঃ রুবেল বলেন, "তার অসহযোগিতা ও অবহেলার কারণে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গিয়েও না খেলতে না পেরে ফিরে এসেছি। সে আমাদের কাগজপত্রে সিল দেয়নি, বিশ্ববিদ্যালয়ের পতাকা দেয়নি,সে নিজেও যায়নি বা দায়িত্বশীল কাউকেও পাঠানো হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ম্যাচ ছিল। উল্টো শারীরিক শিক্ষা দপ্তর থেকে ঢাবিকে জানানো হয়েছে,আমাদের মাঝে অনেকে শিক্ষার্থী না, বিকেএসপির খেলোয়াড় আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও খেলতে পারিনি।তাকে আর কোনোভাবেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না।আমরা দীর্ঘদিন হাড়ভাঙা পরিশ্রম করে অনুশীলন করেছি,অনুশীলনের সময়ও কোনো সহযোগিতা করেনি"
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় অতীতেও আলোচনায় ও সমালোচনায় ছিলেন সেলিনা বেগম।