প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:১৪ পিএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) চতুর্থ উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।
বিকেল সাড়ে ৫টার দিকে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। পরে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিয়ে যাওয়া। এ লক্ষ্যে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।”
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যের রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়াকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার একদিন পরই তিনি নতুন দায়িত্বে যোগদান করেন।
