প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল ৪টায় উপজেলার জালালপুর-লোহাজুরী ইউনিয়নের মধ্যস্থ সড়কের পাশে অবস্থিত খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, সত্তরের দশকের শেষভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনও বাড়বে।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
