প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৪৪ পিএম
শেখ শরিফুল ইসলাম,কালিগঞ্জ ব্যুরো।
সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান করেছে মৌতলা শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল জনসমাগমে মুখরিত। মেঘলা আকাশ পরিচ্ছন্ন পরিবেশে কলেজের ক্যাম্পাসে
উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থাপনা বক্তব্য রাখেন কলেজের প্রভাষক অভিষেক কুমার ও সাবেক সভাপতি এবং সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং শ্যামনগর উপজেলা বিএনপির নেতা সোলাইমান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি,কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, প্রভাষক মহাসিন হোসেনসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে হবে। কালিগঞ্জের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বক্তারা আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই জনপ্রতিনিধিদের কাজের মূল প্রেরণা। কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমন্বিত অগ্রগতি নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। এছাড়া নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার তার বক্তব্যে বলেন, আমাদের নিজেদের আগে চরিত্রবান ও সৎ হতে হবে। আমরা যদি সৎ না হতে পারি, তাহলে ভালো কোনো কাজ করা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে আমি কালিগঞ্জ ও আশাশুনির সর্বস্তরের মানুষের অভিভাবক। যতদিন জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, ততদিন আমি সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ। সাতক্ষীরা-৪ আসনের তিনবারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান যেই করুক বা যার নামেই হোক, সেটি বড় বিষয় নয়। আমি দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকতে চাই। চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়েই করবো।
তিনি আরও বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ীদের দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক নির্মূলে কঠোর শাস্তির বিকল্প নেই। আমি আগামী সংসদ অধিবেশনে মাদকের ভয়াবহতা এবং এলাকার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের বিষয়টি তুলে ধরবো।
