বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

চবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন নিয়ে ওরিয়েন্টেশন সেমিনার

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৭:০১ পিএম

বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নকে সামনে রেখে একটি ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বেলা ১২টায় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ওবিই কারিকুলামে পাঠদান শুরু হয়েছে। আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আশা করি চবিতে ওবিই কারিকুলাম সফলভাবে বাস্তবায়ন হবে৷ কর্মশালায় আপনারা নিজেরা জানবেন এবং পরবর্তীতে আপনার সহকর্মীকে এ বিষয়ে অবহিত করবেন। সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আপনাদের মাধ্যমেই চবির গৌরবোজ্জ্বল ইতিহাস রচিত হবে। মাননীয় উপাচার্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গত ছয় মাস আমরা অনেক পরিশ্রম করেছি ওবিই কারিকুলাম বাস্তবায়ন করার জন্য। আজকে সকলের আন্তরিক উপস্থিতিতে বুঝা যাচ্ছে আমাদের পরিশ্রম সফল এবং ওবিই বাস্তবায়নে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। তিনি সবাইকে কারিকুলামের পদ্ধতি মেনে পাঠদান, মূল্যয়ন এবং ফলাফল প্রকাশের আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, আমরা ওবিই কারিকুলাম পদ্ধতিতে পাঠদান শুরু করতে পেরেছি, এটা আমাদের বড় সফলতা। এ সফলতার কারিগর শিক্ষকরা। তিনি আইকিউএসিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি ও প্রশিক্ষক হিসেবে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ওবিই কারিকুলামের বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে আমাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে এই পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।

সেমিনারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের কোর্স পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কলা ও মানববিদ্যা, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, আইন ও শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় ওবিই কারিকুলামের সফল বাস্তবায়নে কোর্স শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, শিখন-শেখানো পদ্ধতি এবং মূল্যায়ন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া একাডেমিক ক্যালেন্ডার, প্রথম সেমিস্টারের সময়সূচি এবং কোর্স শিক্ষক সংশ্লিষ্ট জিআরআর বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Link copied!