প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৫:৩৭ পিএম
প্রতিষ্ঠার ২৩ বছর পূর্ণ করে দুই যুগে পদার্পণ করেছে দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়টির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, সিলেটে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শিক্ষানুরাগী ড. তৌফিক রহমান চৌধুরীর উদ্যোগে ২০০৩ সালের ৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে যাত্রা শুরু করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি ধারাবাহিকভাবে শিক্ষা ও গবেষণায় সুনাম অর্জন করে আসছে।
২০২৫ সালের এপ্রিলে ড. তৌফিক রহমান চৌধুরী চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করলে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে মনোনীত করা হয়। একই সময়ে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তানভীর এমও রহমান চৌধুরী।
বর্তমানে সিলেট শহরতলির বটেশ্বর এলাকায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব আধুনিক ক্যাম্পাসে উন্নত ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার এবং শিক্ষাসহায়ক নানা সুবিধা বিদ্যমান। প্রতিষ্ঠানটিতে চারটি অনুষদের অধীনে আটটি বিভাগ চালু রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির তিনটি সমাবর্তন সম্পন্ন হয়েছে এবং এখানকার গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন, অ্যাগোডার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে বৃহত্তর সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ লাভ করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী পৃথক শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তারা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘গৌরবময় পথচলায় ২৩ বছর পূর্ণ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এই ২৩ বছর গবেষণা, জ্ঞান ও নৈতিকতার পথে অগ্রযাত্রার প্রতীক। সিলেটে উচ্চশিক্ষার দ্বারকে আরও সহজ করা এবং বৈশ্বিক মানের পাঠদানের যে লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল, তা থেকে এই বিশ্ববিদ্যালয় বিচ্যুত হয়নি। বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর নেতৃত্বে নতুন লক্ষ্য ও উদ্যোগ নিয়ে এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে সাড়ম্বরে।’
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, ‘যুগোপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি গুরুত্ব দিচ্ছে। সঙ্গে উন্নত মানসিকতা ও নৈতিকাসম্পন্ন মানুষ গড়ার প্রতিও আমাদের সমান গুরুত্ব রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ১০ হাজারেরও বেশি গ্র্যাজুয়েট এখন দেশ ও বিদেশের বিভিন্ন পরিম-লে সুনামের সাথে কাজ করছেন। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে আমাদের গ্র্যাজুয়েটরা কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনছেন। এই অগ্রযাত্রা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।’
